Logo Logo

অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার


Splash Image

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও ড্রোনসহ নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন ‘আকসা’র চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


বিজ্ঞাপন


বুধবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) এবং আবু বক্কর (২৫)।

ডিবি সূত্র জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত ডিবি রমনা বিভাগের একটি দল ধারাবাহিক এই অভিযান পরিচালনা করে।

ওইদিন ভোর ৩টা ৫ মিনিটে কামরাঙ্গীরচর থানাধীন তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসা থেকে প্রথমে ইমরান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ৪০ মিনিটে কেরাণীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে মোস্তাকিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

একই দিন দুপুর ১২টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচরের রসুলপুর শিকসন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় রিপন হোসেন শেখ ও আবু বক্করকে।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড তাজা গুলি, তিনটি গুলির খোসা এবং একাধিক স্মার্টফোন জব্দ করা হয়। এছাড়াও তাদের আস্তানা থেকে মেটাল ডিটেক্টর, ড্রোন ও ড্রোন সংশ্লিষ্ট সরঞ্জামসহ উগ্রবাদী বিভিন্ন বই ও লিফলেট উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ সংগঠন ‘আকসা’র সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ও গুপ্ত হামলার পরিকল্পনা করছিল। এই উদ্দেশ্য বাস্তবায়নে তারা অস্ত্র, ড্রোন ও আধুনিক সরঞ্জাম সংগ্রহ করে সংঘবদ্ধ হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...