Logo Logo

শিবচরে গভীর রাতে মাদকবিরোধী অভিযান, নারীসহ ৩ কারবারি আটক


Splash Image

মাদারীপুরের শিবচর উপজেলায় মাদকের আগ্রাসন রোধে কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নে গভীর রাতে এক বিশেষ যৌথ অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে আটককৃতদের অপরাধের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৪ মে) মধ্যরাতে শিবচর উপজেলা প্রশাসন ও শিবচর থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহেরাতলা দক্ষিণ ইউনিয়নে মাদক কেনাবেচা ও সেবনের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে নেতৃত্ব দেন শিবচরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। শিবচর থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে কারিগরি ও নিরাপত্তা সহায়তা প্রদান করে।

অভিযান চলাকালীন মাদক সেবন ও বিক্রির সাথে হাতেনাতে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—সরাব উদ্দিন (৪০), সাকিব আল হাসান (২৬) এবং সালমা (৪৫)।

আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আসামিদের সাজা শোনান নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, মাদক সেবনের দায় স্বীকার করায় সরাব উদ্দিনকে ০২ (দুই) বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মাদক বিক্রির অপরাধে সাকিব আল হাসান ও সালমাকে ০১ (এক) বছর করে কারাদণ্ড প্রদান করে পুলিশ হেফাজতে পাঠানো হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা জানান, "মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। তরুণ সমাজ ও এলাকাকে মাদকমুক্ত রাখতে এই ধরণের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।"

এদিকে প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। বহেরাতলা ইউনিয়নসহ পুরো শিবচরকে মাদকমুক্ত করতে নিয়মিত এমন অভিযান চালানোর দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...