Logo Logo

পতিত সরকারের আমলে নারী ও সংখ্যালঘুদের ওপর বর্ণনাহীন জুলুম হয়েছে: গোপালগঞ্জে অর্থ উপদেষ্টা


Splash Image

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ মাহমুদ তিতুমীর বলেছেন, "বিগত পতিত সরকারের কোনো বৈধতা কিংবা আইনি কাঠামো ছিল না। যার ফলে তারা শুধু লুটপাট চালিয়ে গেছে, জনকল্যাণে কোনো কাজ করেনি। তাদের সময়ে নারীর প্রতি সহিংসতা এবং বিশেষ করে সংখ্যালঘুদের বিরুদ্ধে যে পরিমাণ জুলুম ও অত্যাচার হয়েছে, তা বর্ণনাহীন। আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই যেখানে কেউ সংখ্যালঘু নয়, সবাই রাষ্ট্রের সমান নাগরিক।"


বিজ্ঞাপন


শুক্রবার (১৫ মে) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) হলরুমে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে আরডিএ।

রাশেদ মাহমুদ তিতুমীর সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, "আমাদের নির্বাচনী ইশতেহারে পাঁচটি অধ্যায় রয়েছে। যার প্রথম অধ্যায়ই হলো রাষ্ট্র ব্যবস্থা সংস্কার। আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে এবং নাগরিক অধিকার নিশ্চিত করবে।"

তিনি আরও বলেন, "ইশতেহারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো বৈষম্যহীন অর্থ-সামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা। পতিত সরকার বড় বড় ভবন নির্মাণ করে যেভাবে লুটপাট করেছে, ঠিক একই কায়দায় শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। কিন্তু প্রতিটি পরিবারে বেকারত্বের অভিশাপ রেখে গেছে। স্বাস্থ্য কেন্দ্রগুলোতে অ্যাম্বুলেন্স আছে তো ড্রাইভার নেই, আধুনিক যন্ত্র আছে তো মেকানিক নেই। আমরা এই অবস্থার পরিবর্তন ঘটিয়ে কর্মসংস্থান ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে চাই।"

সেমিনারে খুলনা জেলার দাকোপ উপজেলা থেকে আসা প্রান্তিক কৃষক নিমাই কুমার রায় উপকূলীয় অঞ্চলের বাস্তব চিত্র তুলে ধরে বলেন, "বনদস্যুদের আক্রমণ, অনুন্নত রাস্তাঘাট এবং স্বাস্থ্যসেবার অভাবের কারণে আমাদের জীবন বাজি রেখে চলতে হয়। আমরা টেকসই উন্নয়ন চাই। নতুন সরকার আমাদের সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধান করবে বলেই আমাদের বিশ্বাস।"

পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী এবং গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

এছাড়াও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ও জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহসহ স্থানীয় প্রশাসন ও আরডিএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...