Logo Logo

শিবচরে নির্মাণাধীন শিশু পার্কের দেয়ালে ফাটল, হেলে পড়েছে সীমানা প্রাচীর


Splash Image

মাদারীপুরের শিবচরে নির্মাণাধীন শিশু পার্কের সীমানা প্রাচীরের একাধিক স্থানে ছোট-বড় ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে পশ্চিম পাশের একটি প্রাচীর প্রায় এক ফুট হেলে পড়েছে বলে জানা গেছে। বিষয়টি ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


বিজ্ঞাপন


শিবচরের ময়নাকাটা নদীর তীরবর্তী বাইপাস সড়কের পাশে প্রায় ৫ একর জমির ওপর নির্মাণাধীন এ শিশু পার্কের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান শরিফ এ্যান্ড সন্স।

শিবচর পৌরসভা সূত্রে জানা গেছে, প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির কাজ আগামী ৩০ জুন ২০২৬ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

সরেজমিনে দেখা যায়, পার্কের সীমানা প্রাচীরের বিভিন্ন অংশে ফাটল তৈরি হয়েছে। এছাড়া পশ্চিম দিকের একটি প্রাচীর স্পষ্টভাবে হেলে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকৌশল বিভাগের অদূরদর্শিতা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ না করে কেবল সংস্কারের মাধ্যমে দায়সারা কাজ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

এলাকাবাসীর আশঙ্কা, নিম্নমানের নির্মাণকাজের মাধ্যমে পার্কটির কাজ শেষ করা হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে শিবচর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে পৌরসভার কর্মকর্তাদের নিয়ে পার্কটি পরিদর্শনে গিয়ে সীমানা প্রাচীরের সমস্যাগুলো তাদের নজরে আসে। পরে উপস্থিত ঠিকাদারকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে ঠিকাদারি প্রতিষ্ঠান শরিফ এ্যান্ড সন্সের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে শিবচর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, সম্প্রতি পৌরসভার প্রকৌশলীদের সঙ্গে পার্কের সার্বিক অবস্থা পরিদর্শনকালে ময়নাকাটা নদীসংলগ্ন সীমানা প্রাচীরের কয়েকটি স্থানে ফাটল এবং একটি অংশ হেলে পড়ার বিষয়টি সবার নজরে আসে। পরবর্তীতে বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। সেই অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং ইতোমধ্যে সংস্কারকাজ শুরু হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...