Logo Logo

রাজাপুরে বিষখালী নদীতে অভিযান, নিষিদ্ধ বেহুন্দি জাল ও নোঙর জব্দ


Splash Image

ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বেহুন্দি জাল, নোঙর ও মাছ ধরার নৌকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে মাছ ধরার দায়ে এক জেলেকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার বিষখালী নদীর পালট এলাকায় রাজাপুর উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে নদী থেকে আটটি নিষিদ্ধ বেহুন্দি জাল, ১০টি নোঙর এবং দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে মাছ শিকারের দায়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুপারজোর এলাকার বাবুল নামে এক জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীব।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীব বলেন, “নিষিদ্ধ বেহুন্দি জাল ব্যবহারের ফলে নদীর বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা নির্বিচারে ধ্বংস হচ্ছে। এতে প্রাকৃতিক মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। নদীতে অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিতকরণ এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় বিষখালী নদীতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে, স্থানীয় সচেতন মহল নদীতে অবৈধ বেহুন্দি জালের ব্যবহার রোধে প্রশাসনের চলমান উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...