Logo Logo

বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


Splash Image

রাঙামাটির বিলাইছড়িতে ‘পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৭ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ (ওয়াইডিএসবি)-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায় এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন।

এসময় বিলাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা ও সাধারণ সম্পাদক অসীম চাকমা, হেডম্যান সুনিক জ্যোতি চাকমা, ব্র্যাকের প্রতিনিধি সুইসাইন মারমা, রেড ক্রিসেন্টের প্রতিনিধি আলী আজগর, কার্বারী কল্প রঞ্জন চাকমা, এনজিওকর্মী মধুমিতা চাকমাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এছাড়া গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও ঐতিহ্যবাহী নেতৃত্ব, যুব সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী কর্মশালায় অংশগ্রহণ করেন।

সংগঠনের গবেষণা কর্মকর্তা অন্নিকা তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ওয়াইডিএসবি’র নির্বাহী পরিচালক তাওহীদুল ইসলাম। তিনি কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিলাইছড়ি অঞ্চলে পানির সংকট, বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন, পাহাড়ধসের ঝুঁকি বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি, কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব, জীববৈচিত্র্যের ক্ষয়, বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি, নদী ও ছড়ার স্বাভাবিক প্রবাহে পরিবর্তন এবং যোগাযোগ ব্যবস্থায় সংকট সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক বলে তারা উল্লেখ করেন।

এ অবস্থায় পরিবেশবান্ধব বৃক্ষরোপণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে জুম চাষের ওপর নির্ভরশীলতা কমাতে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, অভিযোজনমূলক কার্যক্রমে কারিগরি সহায়তা এবং অর্থনৈতিক প্রণোদনা প্রদানের দাবি জানানো হয়।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত যুব নেতৃত্বাধীন সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ (ওয়াইডিএসবি) জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করে আসছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যুব, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...