বিজ্ঞাপন
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ অবরোধের কারণে প্রায় ৪৫ মিনিট যান চলাচল ব্যাহত হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর বিকেলে অটোরিকশাচালক ও শ্রমিকরা ফায়ার সার্ভিস মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ শুরু করেন। এ সময় তারা সড়কের ওপর অবস্থান নিয়ে ট্রাফিক আইনে করা মামলায় জরিমানার পরিমাণ কমানোসহ বিভিন্ন দাবি জানান। অটো শ্রমিক দলের জেলা সভাপতি মো. আলম ফকিরের নেতৃত্বে চালক ও শ্রমিকরা এ কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ট্রাফিক বিভাগের দায়ের করা মামলায় অটোরিকশাচালকদের ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। স্বল্প আয়ের অটোরিকশাচালকদের পক্ষে এ ধরনের জরিমানা পরিশোধ করা অত্যন্ত কঠিন। দিনভর অটোরিকশা চালিয়ে যে আয় হয়, অনেক ক্ষেত্রে তার বড় একটি অংশই জরিমানার টাকা পরিশোধে চলে যাচ্ছে। তাই জরিমানার পরিমাণ কমানো এবং চালকদের আর্থিক অবস্থার বিষয়টি মানবিকভাবে বিবেচনার দাবি জানান তারা।
বিক্ষোভকারীরা আরও বলেন, তারা আইন অমান্য করার পক্ষে নন। তবে অটোরিকশাচালকদের আর্থিক সামর্থ্য বিবেচনায় নিয়ে জরিমানার ক্ষেত্রে সহনশীলতা দেখানো প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সমাধানের দাবিও জানান তারা।
অন্যদিকে ট্রাফিক বিভাগের এক সার্জেন্ট বলেন, সরকার নির্ধারিত আইন ও জরিমানার বিধান অনুযায়ীই অটোরিকশাচালকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। কোনো চালককে ব্যক্তিগতভাবে লক্ষ্য করে জরিমানা করা হচ্ছে না। আইন ভঙ্গের ঘটনায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস.এম. বায়জীদ ইবনে আকবর। তিনি অটোরিকশাচালক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ শোনেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন তিনি।
পুলিশের আশ্বাসের পর বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। প্রায় ৪৫ মিনিট পর ফায়ার সার্ভিস মোড়সহ আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধ চলাকালে সড়কের দুই পাশে যানবাহনের চাপ তৈরি হওয়ায় সাধারণ যাত্রী ও পথচারীদের সাময়িক দুর্ভোগ পোহাতে হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...