Logo Logo

১ নভেম্বর ইন্ডিয়া জোটের সমাবেশ, সমর্থন জানাল সিজেপি


Splash Image

সিজেপির আহ্বায়ক অভিজিৎ দিপকে। ফাইল ছবি

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পর্যালোচনা (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে বিরোধী জোট ইন্ডিয়ার ডাকা সমাবেশে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সিজেপির আহ্বায়ক অভিজিৎ দিপকে জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবিতে বিরোধীদের আন্দোলনের পাশে রয়েছে তাঁর দল। বিবৃতিতে তিনি লেখেন, ‘জ্ঞানুকে (সিইসি জ্ঞানেশ কুমার) যেতেই হবে...দেশ সবার ওপরে।’

বিবৃতিতে এসআইআর প্রক্রিয়ার কারণে যোগ্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিজেপি। দলটির মতে, ভোটাধিকার গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এ অধিকার সুরক্ষিত রাখতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখা অপরিহার্য।

সিজেপির বিবৃতিতে বলা হয়, গণতন্ত্রে জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচন করে; সরকার নিজের পছন্দ অনুযায়ী ভোটার বেছে নেয় না। দলটির দাবি, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রের এই মৌলিক নীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নির্বাচন কমিশনের স্বাধীনতা ও গ্রহণযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠার জন্য জ্ঞানেশ কুমারের পদত্যাগ প্রয়োজন বলেও মনে করে দলটি।

বিবৃতিতে সংবিধান প্রণেতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকর, জওহরলাল নেহরুসহ অন্যদের লক্ষ্য ও আদর্শের কথা তুলে ধরা হয়। সিজেপির বক্তব্য অনুযায়ী, জাতি, ধর্ম, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা কিংবা আর্থিক অবস্থা যা-ই হোক না কেন, প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করাই ছিল তাঁদের উদ্দেশ্য। গণতন্ত্রের পরিধি বিস্তৃত করা ছিল তাঁদের লক্ষ্য, কাউকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা নয়।

সিজেপির অভিযোগ, যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কায় এসআইআর প্রক্রিয়া সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ভীতি সৃষ্টি করেছে। ভোটদান সহজ করার পরিবর্তে এ প্রক্রিয়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার শঙ্কা বাড়াচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যেসব সংগঠন আন্দোলন করছে, তাদের সবাইকে সমর্থন দেওয়ার কথাও জানিয়েছে দলটি।

ইন্ডিয়া জোটের সঙ্গে সিজেপির সম্পর্ক এর আগেও বিভিন্ন আন্দোলনে সামনে এসেছে। সিজেপির ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচিতে ইন্ডিয়া জোটের একাধিক নেতাকে অংশ নিতে দেখা গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়ন, অরবিন্দ কেজরিওয়াল ও মানিক সরকারসহ বিভিন্ন নেতা ওই আন্দোলনে যুক্ত হয়েছিলেন।

তবে কংগ্রেস ওই আন্দোলনে সরাসরি অংশ নেয়নি। এর মধ্যেই সিজেপির আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস গ্রেপ্তার হওয়ার পর তাঁদের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি লিখেছিলেন, যন্তর মন্তরে জাতীয় পতাকা উত্তোলন কোনো অপরাধ হতে পারে না।

এবার ইন্ডিয়া জোটের সমাবেশে সমর্থন জানিয়ে সিজেপি দুই পক্ষের অভিন্ন অবস্থানের বিষয়টি তুলে ধরেছে। তবে আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে অনুষ্ঠেয় সমাবেশে সিজেপির নেতারা সরাসরি উপস্থিত থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে দেওয়া বিবৃতিতে স্পষ্ট করে কিছু জানাননি দলটির আহ্বায়ক অভিজিৎ দিপকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...