Logo Logo

৬০ বছরের ঐতিহ্য, ত্রিশালে ১০ হাজার মানুষের মেজবান


Splash Image

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নে প্রায় ৬০ বছরের পুরোনো ঐতিহ্য ধরে রেখে অনুষ্ঠিত হয়েছে বিশাল বার্ষিক মেজবান। নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ মেজবানে ১ হাজার ৩২৪ কেজি গরুর মাংস এবং ৭০০টি লাউ দিয়ে রান্না করা মাষকলাইয়ের ডাল দিয়ে প্রায় ১০ হাজার মানুষকে আপ্যায়ন করা হয়।


বিজ্ঞাপন


গতকাল শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া এলাকার জাহিরুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে এ মেজবানের আয়োজন করা হয়। সকাল থেকেই ত্রিশাল ছাড়াও পার্শ্ববর্তী ফুলবাড়ীয়া, ভালুকা ও সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ এতে অংশ নিতে সমবেত হন।

আয়োজক সূত্রে জানা যায়, বিশাল এ আয়োজনের রান্নার দায়িত্বে ছিলেন এলাকার স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকেরা। কোনো পেশাদার বাবুর্চি ছাড়াই তাঁরা রান্নার কাজ সম্পন্ন করেন। শুক্রবার রাত থেকেই বিশাল আকৃতির ডেকচিতে রান্নার প্রস্তুতি শুরু হয়। পরদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত সারিবদ্ধভাবে বসে অতিথিরা ঐতিহ্যবাহী মেজবানের খাবার গ্রহণ করেন।

মেজবান আয়োজনের বিষয়ে নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নুরুদ্দীন খান বলেন, প্রায় ৬০ বছর আগে তাঁর বাবা মরহুম হাজী আব্দুল জব্বার খান এলাকার দরিদ্র ও সাধারণ মানুষের কথা চিন্তা করে এ মেজবানের সূচনা করেছিলেন। বাবার সেই মানবিক উদ্যোগ ও ঐতিহ্য ধরে রাখতেই তাঁরা প্রতিবছর এ আয়োজন করে আসছেন। ধনী-গরিব সবাই একসঙ্গে বসে খাবার গ্রহণের এই মিলনমেলাই তাঁদের সবচেয়ে বড় আনন্দ।

মেজবানে অংশ নিতে আসা ধানীখোলা গ্রামের প্রবীণ বাসিন্দা আব্দুল কাদের বলেন, ছোটবেলা থেকেই তিনি এ মেজবান দেখে আসছেন। এটি এখন আর শুধু খাবারের আয়োজন নয়, বরং এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক বড় উৎসবে পরিণত হয়েছে।

আয়োজক কমিটির সদস্যরা জানান, ভবিষ্যতেও এলাকাবাসীর সহযোগিতায় এ ঐতিহ্যবাহী মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

প্রতিবেদক- মোঃ আরাফাত, ত্রিশাল, ময়মনসিংহ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...