বিজ্ঞাপন
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে নিহতের পরিবারের সদস্যসহ এলাকার সর্বস্তরের নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে নিহতের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, তাঁর স্বামীর হত্যাকারীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের অন্য সদস্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। হত্যাকাণ্ডের পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও পুলিশ একজন আসামিকেও গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
কর্মসূচিতে বক্তারা বলেন, আনোয়ার হাওলাদার হত্যাকাণ্ডের দীর্ঘ সময় অতিবাহিত হলেও পুলিশ এখনো চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাকাণ্ডে জড়িত সমীর, নাসিম, সোহেল, নয়ন ও সাকিবসহ অন্যদের গ্রেপ্তার করতে পারেনি। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এদিকে হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার না করায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মৃর্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নিহতের পরিবারের সদস্যরা।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...