Logo Logo

হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩


Splash Image

চট্টগ্রামের হাটহাজারীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই সহোদর ভাইসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও দুজন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুসার দোকান এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল হায়দার আলী সিপাহীর বাড়ির মো. হারুনের দুই ছেলে মো. ইফতেখার মাহমুদ তুষার (৩৫) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (৩২) এবং মেখল ইউনিয়নের হাসিমার পুল এলাকার মো. শফিউল আজমের ছেলে মো. শাহাদাত হোসেন সিয়াম (১৭)।

এ দুর্ঘটনায় ফাহিম (১৯) এবং অজ্ঞাতপরিচয় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই সহোদর ভাই একটি মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে, তিন আরোহী নিয়ে অপর একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসছিল। ঘটনাস্থলে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরোহীরা সড়কে ছিটকে পড়েন এবং মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ইরাত, ফাহিম ও সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইরাত ও সিয়ামের মৃত্যু হয়।

নিহত তুষার ও ইরাতের চাচাতো বোন নিহা জানান, প্রায় ছয় মাস আগে তারা প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। তুষার ওমানে এবং ইরাত দুবাইয়ে কর্মরত ছিলেন। পারিবারিক জীবনে তুষার বিবাহিত ও দুই সন্তানের জনক ছিলেন এবং ইরাত ছিলেন অবিবাহিত।

এ বিষয়ে নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত কোনো মোটরসাইকেল পায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...