Logo Logo

ফরিদপুরে ১১ দলীয় জোট প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা ও লাঞ্ছিতের অভিযোগ


Splash Image

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলীর নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান ও তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ (বুড়িদিয়া) বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


বিজ্ঞাপন


অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আল্লামা আকরাম আলী শনিবার সন্ধ্যায় গট্টি ইউনিয়নের জয়ঝাপ এলাকায় প্রচারণা শেষে সিংহপ্রতাপ বাজারে যান। সেখানে তিনি সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করছিলেন।

প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মুফতি মুস্তাফিজুর রহমান জানান, তৃতীয় একটি দোকানে ভোট চাইতে গেলে স্থানীয় সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্যার নেতৃত্বে একদল ব্যক্তি হঠাৎ তাদের ওপর চড়াও হয়। এ সময় প্রার্থীর গাড়িবহর আটকে দিয়ে হামলাকারীরা ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে স্লোগান দিতে থাকে বলে অভিযোগ করা হয়।

তিনি আরও বলেন, গাড়ির গ্লাসের বাইরে থেকে কিল-ঘুষি ও থাপ্পড় মারা হয় এবং প্রার্থী ও তার সঙ্গে থাকা কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে সাধারণ ভোটারদের হুমকি দিয়ে বলা হয়, রিকশা প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর তাদের ‘দেখে নেওয়া’ হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রার্থীর পক্ষ থেকে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন এবং আল্লামা আকরাম আলীসহ তার সঙ্গীদের নিরাপদে উদ্ধার করে নিয়ে যান।

ঘটনার পর প্রার্থীর পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মুফতি মুস্তাফিজুর রহমান বলেন, “প্রকাশ্যে যদি একজন সংসদ সদস্য প্রার্থীকে এভাবে লাঞ্ছিত করা হয়, তাহলে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে যেতে ভয় পাবে।” তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্বাচন কমিশন ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, ফরিদপুর-২ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ঘটনার বিষয়ে অভিযুক্ত ইব্রাহিম মোল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...