Logo Logo

ঢাবি ভিসির পদত্যাগের ঘোষণা, ফিরতে চান শিক্ষকতায়


Splash Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাস রুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, "একটি বিশেষ আপদকালীন সময়ে আমি এই গুরুদায়িত্ব গ্রহণ করেছিলাম। সকলের সহযোগিতায় সেই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। যেহেতু এখন স্থিতিশীলতা ফিরে এসেছে, তাই আমি মনে করছি উপাচার্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়।"

তিনি আরও স্পষ্ট করেন যে, এই দায়িত্বটিকে তিনি কখনো নিয়মিত চাকরি মনে করেননি বরং এটি তাঁর কাছে ছাত্রদের দেওয়া একটি ‘আমানত’ ছিল।

অধ্যাপক নিয়াজ আহমদ খান জানান, তিনি বর্তমানে ডেপুটেশনে রয়েছেন এবং এই ডেপুটেশন থেকে অব্যাহতি নিয়ে তাঁর মূল কর্মস্থল উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক হিসেবে শিক্ষকতায় ফিরে যেতে চান। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ধারাবাহিকতা ও 'স্মুথ ট্রানজিশন' বা সুষ্ঠু পরিবর্তনের স্বার্থে সরকার ও অংশীজনরা চাইলে তিনি আরও কিছু সময় দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনা করতে রাজি আছেন।

তিনি উল্লেখ করেন যে, দেশে একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে। নতুন সরকার যাতে তাদের পছন্দমতো বিশ্ববিদ্যালয় প্রশাসন সাজিয়ে নিতে পারে, সেই সুযোগ করে দিতেই তিনি আগেভাগে এই ঘোষণা দিয়েছেন। নির্বাচনের পরে পদত্যাগ করলে কোনো ভুল বোঝাবুঝি বা মনোমালিন্যের অবকাশ থাকতে পারে—এমন শঙ্কা থেকেই তিনি বর্তমান সময়কে বেছে নিয়েছেন।

কোনো চাপের মুখে এই সিদ্ধান্ত নিচ্ছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপাচার্য দৃঢ়ভাবে বলেন, "আমি খুব সাধারণ মানুষ হলেও চাপে নত হওয়ার মতো লোক নই। এমন কোনো ঘটনা ঘটেনি। আমি স্রেফ বিশেষ পরিস্থিতির অবসান হয়েছে বলেই সরে দাঁড়াতে চাইছি।"

সংবাদ সম্মেলনের শেষে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা ও স্বার্থে তিনি সর্বদা প্রস্তুত আছেন। ছাত্ররা তাঁকে ভালোবেসে এবং বিশ্বাস করে যে সুযোগ করে দিয়েছিলেন, সেজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...