Logo Logo

বিলাইছড়ির ৫ হেলিসোর্টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পাঠানোসহ সব প্রস্তুতি সম্পন্ন


Splash Image

বিলাইছড়ি উপজেলার দুর্গম ৫টি হেলিসোর্টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রয়োজনীয় জনবল পাঠানোসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বড়থলি ইউনিয়নের প্রাংজাং পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়—এই দুটি কেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জাম, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট জনবল পৌঁছে দেওয়া হয়।

এর আগে ৭ ফেব্রুয়ারি রাইমংছড়া পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং ৮ ফেব্রুয়ারি ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তারাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল পাঠানো হয়। এর মধ্য দিয়ে উপজেলার মোট ৫টি হেলিসোর্টি কেন্দ্রে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন হলো।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই ৫টি হেলিসোর্টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৯৯৩ জন।

বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান জানান, মঙ্গলবার দুর্গম ৫টি হেলিসোর্টি কেন্দ্রে নিরাপদভাবে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম ও জনবল পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া কাছাকাছি কয়েকটি কেন্দ্র ছাড়া উপজেলার বাকি কেন্দ্রগুলোতেও নৌপথ ও সড়কপথে সব ধরনের মালামাল ও জনবল পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনের আগের দিন সব কেন্দ্রেই প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং অফিসারসহ সংশ্লিষ্ট সব জনবল পৌঁছে যাবে এবং কোনো কেন্দ্রে উল্লেখযোগ্য কোনো চ্যালেঞ্জ নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সারাদেশের মতো বিলাইছড়ি উপজেলার মোট ১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাকি কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সংযোগ না থাকায় সিসি ক্যামেরা স্থাপন সম্ভব হয়নি। তবে সব কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, বিলাইছড়ি উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৫১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৬৮ জন এবং নারী ভোটার ১১ হাজার ৯৪৭ জন। ইউনিয়নভিত্তিক ভোটার সংখ্যা হলো—বিলাইছড়ি ইউনিয়নে ৭ হাজার ২৪৭ জন, কেংড়াছড়ি ইউনিয়নে ৫ হাজার ৫৭২ জন, ফারুয়া ইউনিয়নে ৯ হাজার ৩৬২ জন এবং বড়থলি ইউনিয়নে ২ হাজার ৩৩৪ জন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...