বিজ্ঞাপন
গত ১৫ ফেব্রুয়ারি (রবিবার) মুম্বাই উপকূল থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে অভিযান চালিয়ে ‘স্টেলার রুবি’, ‘অ্যাসফল্ট স্টার’ এবং ‘আল জাফজিয়া’ নামের এই তিনটি বিশাল ট্যাংকার আটক করা হয়।
জব্দকৃত এই তিনটি জাহাজই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে জাহাজগুলোকে অধিকতর তদন্তের জন্য মুম্বাই বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। ভারত সরকার জানিয়েছে, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
রোববার ভারতীয় কোস্টগার্ড তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই অভিযানের কথা নিশ্চিত করলেও পরবর্তীতে রহস্যজনকভাবে পোস্টটি মুছে ফেলা হয়। তবে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আরব সাগরে সার্বক্ষণিক টহলরত তাদের ৫৫টি জাহাজ এবং ১০-১২টি হেলিকপ্টার ও বিমানের সমন্বয়ে পরিচালিত বিশেষ নজরদারিতে এই জাহাজগুলো ধরা পড়ে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে জাহাজগুলো প্রায়ই নিজেদের নাম পরিবর্তন করে চলাচল করে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘স্টেলার রুবি’ ও ‘আল জাফজিয়া’র মালিকানা ইরানের হাতে এবং ‘অ্যাসফল্ট স্টার’ জাহাজটির মালিক চীন। ধারণা করা হচ্ছে, জাহাজগুলো চোরাই পথে চীনে তেলের চালান নিয়ে যাচ্ছিল। উল্লেখ্য, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান ও চীনের তেল বাণিজ্য বর্তমানে বাধাগ্রস্ত হচ্ছে।
এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন কোম্পানি এক বিবৃতিতে দাবি করেছে, জব্দকৃত জাহাজগুলোর সাথে ইরানের কোনো সম্পর্ক নেই। তবে ভারত সরকার জানিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো জাহাজগুলোর প্রকৃত গন্তব্য এবং মালিকানা নিশ্চিত করতে আরও গভীর তদন্ত পরিচালনা করবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...