Logo Logo

নীলফামারীতে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


Splash Image

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নীলফামারীতে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে এই সভার আয়োজন করা হয়।

নীলফামারী কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। ক্যাব-এর জেলা সভাপতি সাংবাদিক আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।

সভায় বক্তারা আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা স্পষ্ট জানিয়ে দেন যে, পবিত্র মাসে কোনো প্রকার খাদ্যে ভেজাল মেশানো কিংবা অসাধু সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র তার বক্তব্যে জেলাজুড়ে কোথাও কোনো ভেজাল পণ্য বা সিন্ডিকেটের তথ্য থাকলে তা দ্রুত প্রশাসনকে জানানোর জন্য সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে হালনাগাদ বাজার মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন এবং সহকারী কমিশনার রায়হান উদ্দিনের সঞ্চালনায় সভায় জেলা ও উপজেলার বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি এবং সচেতন ব্যক্তিবর্গ অংশ নেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও খাদ্য নিরাপত্তা বজায় রাখতে এখন থেকে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হবে।

পরিশেষে, রমজানের পবিত্রতা রক্ষা এবং বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও ভোক্তা—উভয় পক্ষকে সচেতন হওয়ার এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...