Logo Logo

নীলফামারীতে ছাদখোলা গাড়িতে দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা


Splash Image

নীলফামারী সদরের কানিয়ালখাতা দ্বি-মুখী দাখিল মাদ্রাসার দুই প্রবীণ শিক্ষককে ছাদখোলা গাড়িতে চড়িয়ে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে বিদায় জানিয়েছে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। দীর্ঘ কয়েক দশকের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে মাদ্রাসার সহ-সুপার মোহাম্মদ আলী সিরাজী ও সিনিয়র শিক্ষক বাবু যাদব চন্দ্র রায়কে এমন অনন্য আয়োজনে বিদায় জানানো হয়।


বিজ্ঞাপন


সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার সুপার মাওলানা ছাবেদ আলীর সভাপতিত্বে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানিয়ালখাতা দাখিল মাদ্রাসার সভাপতি ড. মোহাম্মদ খায়রুল আনাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, হামিদুল ইসলাম, আজিমউদ্দিন ও সোলেমান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদায়ী সহ-সুপার মোহাম্মদ আলী সিরাজী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমি ১৯৮৬ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছি। শিক্ষকতার পাশাপাশি এলাকার মসজিদে বিনা পারিশ্রমিকে দীর্ঘ ৩৫ বছর ইমামতি করেছি। আজ সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী আমাকে যেভাবে সম্মানিত করেছে, তাতে আমি গর্বিত। এই ভালোবাসা আমার চিরকাল মনে থাকবে।”

বিদায়বেলায় প্রিয় শিক্ষকদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। তারা জানান, চাকরির নিয়ম অনুযায়ী শিক্ষকরা অবসরে গেলেও তাদের বিলিয়ে দেওয়া শিক্ষার আলো শিক্ষার্থীদের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে। এমন আদর্শবান শিক্ষকদের অভাব কখনো পূরণ হওয়ার নয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুই শিক্ষককে ফুল দিয়ে সজ্জিত একটি ছাদখোলা গাড়িতে চড়িয়ে পুরো এলাকা প্রদক্ষিণ করানো হয়। শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের এমন শ্রদ্ধা ও ভালোবাসা এলাকায় এক অভূতপূর্ব দৃষ্টান্ত সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...