Logo Logo

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত- ১


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তামিম মাতুব্বর (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।


বিজ্ঞাপন


শুক্রবার (১৭ এপ্রিল) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের শান্তিপুর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম মাতুব্বর মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কৃষ্ণপুর পাইকপাড়া গ্রামের সালাম মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে তামিম তার দুই বন্ধুকে নিয়ে মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামের চড়ক মেলা ও উৎসব দেখে মোটরসাইকেলে করে নিজ গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে শান্তিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টেকেরহাট এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তামিমসহ তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তামিমকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ সোহাগ শেখ জানান, সড়ক দুর্ঘটনায় আহত তামিমকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় তামিম মাতুব্বর নিহত হয়েছেন এবং বাকি দুই আরোহী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তা শেষ হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...