Logo Logo

চাটখিলে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন


Splash Image

নোয়াখালীর চাটখিল উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং কৃষি ব্যবস্থার উন্নয়নে খাল পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় সাহাপুর ইউনিয়নের মমিনপুর এলাকায় এই উদ্যোগ গ্রহণ করা হয়। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের এই প্রকল্পের আওতায় সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর ও মমিনপুর হয়ে ডুমুরিয়া পর্যন্ত মোট ২ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি পুনর্খনন করা হবে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে মমিনপুরসহ আশেপাশের গ্রামগুলোতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হতো। এর ফলে স্থানীয় কৃষকদের ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল।

স্থানীয়রা জানান, খালটি খনন করা হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে। এতে একদিকে যেমন জলাবদ্ধতার দীর্ঘস্থায়ী দুর্ভোগ থেকে মুক্তি মিলবে, অন্যদিকে সেচ সুবিধা বৃদ্ধির মাধ্যমে স্থানীয় কৃষি ব্যবস্থায় নতুন গতি আসবে। পাশাপাশি ইজিপিপি প্রকল্পের মাধ্যমে কাজ হওয়ায় এলাকার অতিদরিদ্র মানুষের জন্য সাময়িক কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হয়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ খোকনের সভাপতিত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মোন্নাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, উপজেলা সমাজসেবা অফিসার আলী হোসেন, উপজেলা প্রকৌশলী শাহীনুর আলম এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফারুক হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...