Logo Logo

ফরিদপুরে জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব উৎসব উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত


Splash Image

আনন্দ পুরুষোত্তম মহাবতারী শ্রীশ্রী হরিপুরুষ প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৬তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে উৎসবের ধর্মীয় আনন্দ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে।


বিজ্ঞাপন


রবিবার (২৬ এপ্রিল) রাতে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শ্রীধাম শ্রী অঙ্গন আঙিনায় উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্কশেখর ব্রহ্মচারী এবং শ্রীধাম শ্রী অঙ্গনের সাধারণ সম্পাদক ড. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী। এ সময় ধর্মীয় আলোচনায় অংশ নেন খোকন বন্ধু ব্রহ্মচারী ও সুরঞ্জন বন্ধু ব্রহ্মচারীসহ শ্রী অঙ্গনের অন্যান্য কর্মকর্তা ও ভক্তবৃন্দ।

কর্মসূচিতে পূজা উদযাপন ফ্রন্টের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর শাখার আহ্বায়ক সুশান্ত কুমার বিশ্বাস শান্ত, সদস্য সচিব টুটুল কুন্ডু, যুগ্ম আহ্বায়ক শংকর কুমার সাহা, শিশির দত্ত, সুধন চন্দ্র বিশ্বাস ও নয়ন কুমার দে। এ ছাড়াও জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অসিত কুমার নাগ, সুকুমার সাহা, বিপ্লব সাহা, শংকর সাহা, পবিত্র মজুমদার, তাপস কুমার রায়, গৌতম ভদ্র, কপিল দেব সরকার, শ্যাম কুমার মন্ডল ও অরূপ কুমার বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসব চলাকালীন প্রতিদিন ভক্ত ও সর্বসাধারণের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব তিথি উদযাপনে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়েছে।

নেতৃবৃন্দ আরও জানান, এই ধর্মীয় উৎসবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...