Logo Logo

পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত


Splash Image

খুলনার পাইকগাছায় পৈতৃক জমিজমা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ধাক্কায় মাটিতে পড়ে বীরেন বৈরাগী (৮০) নামে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাবা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত বীরেন বৈরাগী ওই গ্রামের মৃত মাদার বৈরাগীর বড় ছেলে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে পারিবারিক জায়গা-জমি ভাগাভাগি নিয়ে বীরেন বৈরাগীর সঙ্গে তার ছোট ভাই কিরণ বৈরাগীর বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই ভাই ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। এ সময় কিরণ বৈরাগীর ধাক্কায় বীরেন বৈরাগী সজোরে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন।

উপস্থিত স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কপিলমুনি ১০ শয্যা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্রামবাসীরা জানান, ঘটনার পরপরই পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে ছোট ভাই কিরণ বৈরাগী ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা লাগিয়ে এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...