Logo Logo

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির গ্রামের বাড়িতে ডিসি-ইউএনও, মরদেহ দেশে ফেরানোর আকুতি পরিবারের


Splash Image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) মর্জিনা আক্তার।


বিজ্ঞাপন


সোমবার (২৭ এপ্রিল) দুপুরে তিনি সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকায় বৃষ্টির বাড়িতে উপস্থিত হয়ে শোকার্ত স্বজনদের সান্ত্বনা দেন।

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব। তারা নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরিবারের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে বৃষ্টির চাচা দানিয়াল আকন, হেদায়েত আকন, ওবায়দুর আকন, খোয়াজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাদল ব্যাপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন বর্তমানে ঢাকায় অবস্থান করায় জেলা প্রশাসক মুঠোফোনের মাধ্যমে তার সঙ্গে কথা বলেন এবং শোক প্রকাশ করেন।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, “যুক্তরাষ্ট্রে বৃষ্টির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি আমাদের সবার জন্য অত্যন্ত হৃদয়বিদারক। বৃষ্টি আমাদেরই সন্তান এবং তার এমন অকাল মৃত্যু পুরো সমাজকে ব্যথিত করেছে। আমরা পরিবারটির পাশে আছি—এই বার্তা পৌঁছে দিতেই আজ এখানে আসা। বৃষ্টির ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র যাতে তার পরিবার ফিরে পায়, সে বিষয়টিও প্রশাসন গুরুত্বের সঙ্গে দেখছে।”

এদিকে বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন মুঠোফোনে জানান, মার্কিন পুলিশ এখনো তার মেয়ের মরদেহ উদ্ধার বা এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য তাদের জানায়নি।

তিনি আকুতি জানিয়ে বলেন, “আমি চাই আমার মেয়ের মরদেহ যেন দ্রুত উদ্ধার করে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। একই সঙ্গে ওর ব্যবহৃত জিনিসপত্রগুলো আমাদের কাছে পৌঁছে দেওয়া হোক, যা আমাদের বেঁচে থাকার শেষ স্মৃতি হয়ে থাকবে।” তিনি এ বিষয়ে সরকার ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...