Logo Logo

দোসরদেরকে পদ-পদবি নয়,ত্যাগীদের মূল্যায়ন:নীলফামারীতে ডা.জাহিদ হোসেন


Splash Image

সেলিম রেজা, নীলফামারীঃ দলের ভেতরে কোনো দোসরকে পদ-পদবি দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।


বিজ্ঞাপন


দলের শৃঙ্খলা রক্ষা ও অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "ক্ষমতার দম্ভ পরিহার করে সাধারণ মানুষের পাশে থাকতে হবে। রাজনৈতিক সততা ও নেতৃত্বের প্রতি শতভাগ আনুগত্য ছাড়া যেকোনো লড়াইয়ে জয়ী হওয়া সম্ভব নয়।"

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী সার্কিট হাউসে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি সবাইকে শতভাগ অনুগত থাকতে হবে। জাতীয় নির্বাচনের অপ্রীতিকর ঘটনার যেন স্থানীয় নির্বাচনে পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। সাময়িক বিপর্যয় কাটিয়ে ত্যাগী নেতাকর্মী ও জনগণের সমর্থনে বিএনপি আবারও ঘুরে দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী বলেন, "তিনি অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান হওয়া সত্ত্বেও তাঁর সাধারণ জীবনযাপন অনুপ্রেরণাদায়ক। তিনি দেশের মানুষ ও সার্বিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।"

এর আগে মন্ত্রী সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান-এর উপস্থিতিতে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে 'গার্ড অব অনার' প্রদান করা হয়।

নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সভাপতিত্বে সভায় সংরক্ষিত নারী সংসদ সদস্য বিলকিস ইসলামসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে মন্ত্রী জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...