বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা খালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রলারটি আনসার খানের মালিকানাধীন এফবি সিমা-৩।
স্থানীয় সূত্রে জানা যায়, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় বৃহস্পতিবার মধ্যরাতে সাগরে মাছ ধরতে যাওয়ার কথা ছিল জেলেদের। এ লক্ষ্যে ট্রলারটি ধোয়া-মোছা করে প্রস্তুত করছিলেন তাঁরা। এ সময় খালের পাড়ের একটি ঘর থেকে সাবমারসিবল পাম্প চালানোর জন্য বিদ্যুতের সংযোগ নেওয়া হয়। কাজ চলাকালে দেলোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালের পানিতে পড়ে যান। একই ঘটনায় বাচ্চুও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।
পরে স্থানীয়রা খালে তল্লাশি চালিয়ে প্রায় এক ঘণ্টা পর দেলোয়ারকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আহত বাচ্চুকে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
নিহত দেলোয়ার হোসেন বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরমোনাই গ্রামের জয়নাল খলিফার ছেলে। প্রায় তিন মাস আগে তিনি পাথরঘাটায় এসে ট্রলারের জেলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। ট্রলারের মাঝি জয়নাল হোসেন জানান, দেলোয়ার দাদন নিয়ে ট্রলারে কাজ করতেন। দুর্ঘটনার খবর তাঁর পরিবারকে জানানো হয়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...