Logo Logo

ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত অন্তত ৩০


Splash Image

ঝালকাঠির নলছিটি উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাসের হেলপারসহ দুজন নিহত হয়েছেন। এসব ঘটনায় দুই বাসের অন্তত ৩০ যাত্রীসহ মোট ৩৩ জন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গ্রিনভিউ পরিবহনের এক হেলপার ঘটনাস্থলেই প্রাণ হারান। একই দিন উপজেলার অন্য একটি স্থানে মালবাহী ট্রলি উল্টে ফোরকান গাজী (৩৫) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকাগামী গ্রিনভিউ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দপদপিয়া চৌমাথা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে কুয়াকাটাগামী আবির আব্দুল্লাহ পরিবহনের অপর একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই গ্রিনভিউ পরিবহনের হেলপার নিহত হন। দুর্ঘটনায় উভয় বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করে বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠান। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সঠিক কারণ এবং নিহত হেলপারের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

অন্যদিকে, একই দিন নলছিটিতে একটি মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ফোরকান গাজী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় ট্রলিতে থাকা আরও দুজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। বাস দুর্ঘটনায় নিহত হেলপারের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ায় বর্তমানে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...