Logo Logo

ন্যায়-ইনসাফের লড়াইয়ে শহীদ হাদির আদর্শে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান ডাকসু ভিপি সাদিক কায়েমের


Splash Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এক অনন্য প্রেরণা। হাদি যে ইনসাফ ও আজাদীর লড়াইয়ের পথ দেখিয়ে গেছেন, সেই সংগ্রাম অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠির নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক আকস্মিক সফরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত শহীদ হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। তিনি অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের জোর দাবি জানান। এর আগে বিকেল সাড়ে ৪টায় ঝালকাঠি-২ আসনের নির্বাচনী পথসভায় যোগ দিয়ে তিনি হাদিকে আন্তর্জাতিক যুবসমাজের 'প্রেরণার বাতিঘর' হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি হাদিকে হত্যা করলেও তার আদর্শ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।

বক্তব্যে ডাকসু ভিপি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের দালাল ও আধিপত্যবাদী শক্তিরা দেশবিরোধী চক্রান্ত শুরু করেছে। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে দেশের স্বাধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি ঝালকাঠি-২ আসনে ১১ দল মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিমকে শহীদ হাদির উত্তরসূরি হিসেবে উল্লেখ করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

পথসভা চলাকালীন যমুনার সামনে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ও রাবি ভিপি সালাউদ্দিন আম্মারসহ ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণের খবর পেয়ে তীব্র নিন্দা জানান সাদিক কায়েম। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান এবং শহীদ হাদির খুনিদের গ্রেপ্তারে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

সাদিক কায়েম হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে শহীদের উত্তরসূরিরা ৫৬ হাজার বর্গমাইল জুড়ে আবারো গণআন্দোলন গড়ে তুলবে। পরে তিনি শহীদ শরীফ ওসমান হাদির বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এসএম নেয়ামুল করিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার মাইনুল করিম, শহীদ হাদির বোন মাসুমা সুলতানা হাদি, ভগ্নিপতি আমির হোসেন এবং স্থানীয় জামায়াতে ইসলামীসহ জোটের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...