Logo Logo

ফরিদপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত


Splash Image

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জনসভার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

সদর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান। তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতের রূপরেখা তুলে ধরেন। জনসভা শেষে ১১ দলীয় জোটের প্রার্থীদের হাতে তাদের নির্বাচনী প্রতীক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে ফরিদপুরকে আনুষ্ঠানিকভাবে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে। সেই সঙ্গে ফরিদপুর সিটি কর্পোরেশন গঠন ও উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে এই অঞ্চলের আধুনিকায়ন নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, ফরিদপুরের নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং একটি আধুনিক পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপন করা হবে তাদের অন্যতম অগ্রাধিকার।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের প্রার্থী প্রফেসর আব্দুত তাওয়াব এবং ফরিদপুর-২ আসনের প্রার্থী মাওলানা আকরাম উদ্দিন। এছাড়াও ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন, জেলা আমির মাওলানা বদরউদ্দিন এবং জাগপার মুখপাত্র রাশেদ খানসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হলে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার কোনো বিকল্প নেই। তারা ফরিদপুরবাসীর সেবা করার সুযোগ চেয়ে আসন্ন নির্বাচনে জোটের মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত জনতা স্লোগানে স্লোগানে রাজেন্দ্র কলেজ মাঠ মুখরিত করে তোলেন।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে দেলোয়ার হোসেন, শামসুল ইসলাম আল বরাটি, মাওলানা আমজাদ হোসেন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবুল বাশার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে মনিহার শিল্প গোষ্ঠীর পরিবেশিত নির্বাচনী সংগীত উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...