Logo Logo

১৬ বছরে সবচেয়ে বেশি জুলুমের শিকার সাতক্ষীরা-শ্যামনগর : ডাকসুর ভিপি সাদিক কায়েম


Splash Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, গত ১৬ বছরে এই সাতক্ষীরার সর্বস্তরের মানুষকে জুলুম-নির্যাতনের শিকার হতে হয়েছে। এই জেলাকে সব সময় অবহেলিত ও বঞ্চিত করে রাখা হয়েছে। ইনশাল্লাহ, ইনসাফের পক্ষের প্রতিনিধি দাঁড়িপাল্লার কান্ডারী গাজী নজরুল ইসলাম ভাই আপনাদের সমর্থনে বিজয়ী হয়ে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে যে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে, সেই বাংলাদেশের সাতক্ষীরা হবে একটি রোল মডেল।


বিজ্ঞাপন


শনিবার (৭ ফেব্রুয়ারি) শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, “প্রিয় শ্যামনগরবাসী, আমি আপনাদেরকে স্যালুট জানাতে এসেছি, আপনাদের সালাম জানাতে এসেছি এবং আপনাদের কাছে দোয়া নিতে এসেছি। গত ১৬ বছরে বাংলাদেশের যতগুলো অঞ্চল সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে, তার মধ্যে সাতক্ষীরা ও শ্যামনগর অন্যতম। এখানকার মা-বোন, ভাই ও চাচারা কখনও বাতিলের সঙ্গে আপোষ করেননি। বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, হাজার হাজার ভাইকে আটক করা হয়েছে, প্রায় ৪৮ জন ভাই শহীদ হয়েছেন, তবুও আপনারা মাথা নত করেননি।

তিনি আরও বলেন, “আজকের যে নতুন বাংলাদেশ, আজকের যে আজাদী এর পেছনে আপনাদের বিশাল অবদান রয়েছে। মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর রায়ের পর সাতক্ষীরা ও শ্যামনগরবাসী যেভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছিল, তা বাংলাদেশের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত। এজন্য আমরা সবসময় শ্রদ্ধার সঙ্গে আপনাদের কথা স্মরণ করবো।

তিনি শ্যামনগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা কি পারবেন আমাদের নেতা ডা. শফিকুর রহমানকে সাতক্ষীরার চারটি আসন উপহার দিতে? ইনশাল্লাহ, সাতক্ষীরাবাসী ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে চারটি আসনেই ইনসাফের প্রতিনিধিরা বিজয়ী হবে।

শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। প্রধান বক্তা ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী।

এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. খলিলুর রহমান মাদানী, জকসু এজিএস মাসুদ রানা, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মো. আমিরুল ইসলাম, সাবেক রাবি শিবির সভাপতি আব্দুর রহিম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...