Logo Logo

কৃষক ভালো থাকলে, দেশ ভালো থাকবে : তারেক রহমান


Splash Image

উত্তরাঞ্চলকে একটি স্বনির্ভর ও আধুনিক অঞ্চলে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। ধানের শীষের সরকার গঠন হলে নীলফামারীসহ উত্তরাঞ্চলের কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। একইসঙ্গে কৃষকদের জন্য প্রয়োজনীয় সব ধরনের কৃষি উপকরণ সহজলভ্য করা হবে।


বিজ্ঞাপন


শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী জেলা বিএনপির উদ্যোগে পৌর মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে নীলফামারী জেলাকে একটি আধুনিক জেলায় রূপান্তর করা হবে। বিশেষ করে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হবে।

সামাজিক ও ধর্মীয় উন্নয়নের রূপরেখা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, পরিবারের মায়েদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। এছাড়া মসজিদ, মন্দির ও গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিদের জন্য বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নসহ রাস্তাঘাট, স্কুল-কলেজ ও মেডিকেল কলেজ নির্মাণের মাধ্যমে শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, যারা দীর্ঘ সময় মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু তাদেরই শরীক দলগুলো এখনো দেশ নিয়ে নানামুখী ষড়যন্ত্র ও তালবাহানা শুরু করেছে। এই সকল ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থীদের ভোট দিয়ে পাশে থাকার অনুরোধ করেন।

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী। সমাবেশে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং নীলফামারী-১ আসনের জোট মনোনীত প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...