বিজ্ঞাপন
ঘোষিত ফলাফলে দেখা যায়, নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনে জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে দুই আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনী ফলাফলের বিস্তারিত বিশ্লেষণে দেখা যায়, নড়াইল-১ (কালিয়া ও সদরের একাংশ) আসনে ১১২টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে বিশ্বাস জাহাঙ্গীর আলম ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ পেয়েছেন ৭৫ হাজার ২২৫ ভোট। এই আসনে মোট ভোটার ছিলেন ১ লাখ ৮৮ হাজার ৭৫৫ জন, যার মধ্যে ১ লাখ ৮৫ হাজার ১১৮টি ভোট বৈধ বলে গণ্য হয়েছে। বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৩৩৭টি এবং মোট ভোট কাস্টিংয়ের হার ৬৪.১৭ শতাংশ।
অন্যদিকে, সবচেয়ে বেশি নাটকীয়তা দেখা গেছে নড়াইল-২ (লোহাগড়া ও সদরের একাংশ) আসনে। এখানে ১৪৮টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াতের মো. আতাউর রহমান বাচ্চু। এই আসনে বিএনপির দলীয় কোন্দল স্পষ্টভাবে ফুটে উঠেছে ফলাফলে। বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মনিরুল ইসলাম (কলস প্রতীক) ৭৮ হাজার ৪৫৭ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান নিশ্চিত করেছেন, যেখানে ধানের শীষ প্রতীকের মূল প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান মাত্র ৪৫ হাজার ৪৬৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এই আসনে মোট ভোট কাস্টিংয়ের হার ৬৪.৬৫ শতাংশ। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং পরাজিত প্রার্থীরাও ফলাফল মেনে নিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...