Logo Logo

নীলফামারীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু


Splash Image

নীলফামারীতে ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের বৈচিত্র্যময় সব উদ্ভাবন নিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।


বিজ্ঞাপন


সোমবার (২৭ এপ্রিল) সকালে নীলফামারী সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার শুভ সূচনা করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। উদ্বোধন শেষে তিনি ছয়টি উপজেলা থেকে আসা শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবনী কার্যক্রম ও বৈজ্ঞানিক প্রকল্পগুলো পর্যবেক্ষণ করেন।

এর আগে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী মোর্শেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা এবং সহকারী জেলা শিক্ষা অফিসার ওয়াদুদ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমএসডিএফ-এর চেয়ারম্যান মারুফ খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, 'উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বিজ্ঞান সপ্তাহ শুরু হয়েছে। আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা বিজ্ঞানের যে চমৎকার সব উদ্ভাবন এখানে প্রদর্শন করছে, তা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নীলফামারীর এই মেধাবী শিক্ষার্থীরা এখান থেকে সাফল্য অর্জন করে জাতীয় পর্যায়েও জেলার সুনাম বয়ে আনবে।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই মেলায় খুদে বিজ্ঞানীদের মেধা ও শ্রমের সমন্বয়ে গড়ে ওঠা প্রকল্পগুলো প্রদর্শনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...