Logo Logo

হাদি হত্যার বিচার দাবির কর্মসূচীতে পুলিশি হামলা, ববি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আহত


Splash Image

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের (যমুনা) সামনে অবস্থানরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।


বিজ্ঞাপন


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সংঘটিত এই হামলায় ইনকিলাব মঞ্চ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ইফতেখার সায়েমসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ইনকিলাব মঞ্চ সূত্র জানায়, এদিন বিকেল তিনটার দিকে তারা যমুনা ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। একই সময়ে নবম পে স্কেলের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অন্য একটি কর্মসূচি চলছিল। বিশৃঙ্খলা এড়াতে ইনকিলাব মঞ্চের সদস্যরা আলাদাভাবে একপাশে অবস্থান নিয়েছিলেন।

হামলার বিষয়ে ইনকিলাব মঞ্চের নেতা ইফতেখার সায়েম এক ফেসবুক লাইভে অভিযোগ করেন, পুলিশ কোনো উসকানি ছাড়াই আন্দোলনকারীদের ওপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সায়েম জানান, তারা পুলিশের সঙ্গে আলোচনার চেষ্টা করলেও পুলিশ হঠাৎ মারমুখী হয়ে ওঠে এবং অতর্কিত হামলা চালায়।

এ সময় পুলিশ নারী সদস্য জুমা আপুর মোবাইল ফোন কেড়ে নেয় বলেও অভিযোগ ওঠে। পুলিশের বেধড়ক লাঠিচার্জে শিশু, নারী, পথচারী এমনকি সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত গণমাধ্যম কর্মীরাও আহত হয়েছেন। বিকেল পাঁচটা পর্যন্ত ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল।

ইফতেখার সায়েম আরও বলেন, বিচারের দাবিতে আসা শান্তিপূর্ণ সমাবেশে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...