বিজ্ঞাপন
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস মুখরিত করে তোলেন। এ সময় তারা "আমার ভাই আহত কেন, অন্তর্বর্তী সরকার জবাব চাই", "দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা" এবং "গুলির মুখে কথা কবো, আমরা সবাই হাদি হবো" বলে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর পুলিশের অ্যাকশনকে 'বর্বর হামলা' বলে অভিহিত করেন।
সমাবেশে অংশ নিয়ে নাজমুল ঢালি নামের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদ হাদি গুলিবিদ্ধ হওয়ার আজ ৫৪ দিন পার হলেও অন্তর্বর্তী সরকার কোনো বিচার করতে পারেনি। বিচারের দাবিতে আজ হাদির স্ত্রীকে রাস্তায় নামতে হয়েছে। যমুনার সামনে শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের বাহিনী যেভাবে গুলি চালিয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার্থীরাই স্বৈরাচার হাসিনাকে বিদায় করেছে, তাই দাবি আদায়ে তারা পিছু হটবে না।
ইনকিলাব মঞ্চ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আতিক আবদুল্লাহ বলেন, ৫৪ দিন অতিবাহিত হওয়ার পরও হাদি হত্যার বিচার না পাওয়া দুঃখজনক। উল্টো বিচার চাইতে গিয়ে ববি শাখার সদস্য সচিব ইফতেখার সায়েমসহ অনেকে পুলিশের হামলায় আহত হয়েছেন। একটি শান্তিপূর্ণ সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী কীভাবে গুলি চালাতে পারে, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
বক্তারা অবিলম্বে হামলাকারী পুলিশ সদস্যদের শাস্তি এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান। দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে অংশ নেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...