Logo Logo

রাজবাড়ীতে মাঘী পূর্ণিমা উপলক্ষে পদ্মায় সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান


Splash Image

পবিত্র মাঘী পূর্ণিমা উপলক্ষে রাজবাড়ীর প্রমত্তা পদ্মা নদীতে গঙ্গাস্নান উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। রোববার (১ ফেব্রুয়ারি) ভোর থেকেই জেলা শহরের নিকটবর্তী গোদার বাজার ঘাটে পুণ্যার্থীদের ঢল নামে।


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা যায়, মাঘী পূর্ণিমার শুভ তিথিতে পাপ মোচনের আশায় রাজবাড়ী শহরের বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ ও শিশু গোদার বাজার ঘাটে সমবেত হন। ভক্তরা ধর্মীয় রীতি মেনে গঙ্গাস্নানের পাশাপাশি নদীর তীরে কীর্তন, মালাজপ ও আরাধনায় নিমগ্ন থাকেন।

লোকনাথ কুঠির মন্দিরের প্রতিষ্ঠাতা সেবায়েত শ্রী শ্রী স্বপনানন্দ মহারাজ (স্বপন) গঙ্গাস্নানের গুরুত্ব তুলে ধরে বলেন, "সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে, মাঘী পূর্ণিমার এই মাহেন্দ্রক্ষণে গঙ্গাস্নান করলে মানুষের অন্তরের সকল কলুষতা ও পাপ মোচন হয়। এই বিশ্বাস থেকেই আদিকাল থেকে সনাতনীরা প্রতিবছরই ভক্তিভরে এই রীতি পালন করে আসছেন।"

গঙ্গাস্নান উদযাপন উপলক্ষে গোদার বাজার পদ্মানদীর ঘাটে কেবল স্নানই নয়, ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণেরও আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে কীর্তনের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো ঘাট এলাকা।

আগত পুণ্যার্থীরা জানান, তারা পূর্বপুরুষদের আমল থেকেই এই তিথিতে গঙ্গা বা পবিত্র নদীগুলোতে স্নান করে আসছেন। এ বছরও অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তারা তাদের এই ধর্মীয় আচার সম্পন্ন করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...