Logo Logo

ভাঙ্গায় স্কুল অনুষ্ঠানের দাওয়াত নিয়ে ১৪ গ্রামের সংঘর্ষ, আহত ২০


Splash Image

ফরিদপুরের ভাঙ্গায় একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে ১৪ গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


শনিবার (৩১ জানুয়ারি) দিনভর চলা এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ডের উভয় পাশে প্রায় ২ ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমিতে শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আবু জাহের ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদরুল আলম। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল কবির পার্শ্ববর্তী হামিরদী ইউনিয়নের ১০ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্ষোভের জেরে কিছু দুর্বৃত্ত দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করে আহত করে। এই খবর ওই শিক্ষার্থীর এলাকা মানিকদাহ ইউনিয়নের ৪ গ্রামে ছড়িয়ে পড়লে শত শত মানুষ দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসে। এর পাল্টা জবাবে হামিরদী ইউনিয়নের ১০ গ্রামের হাজার হাজার মানুষও সড়কে অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষ চলাকালীন মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রীসাধারণ চরম ভোগান্তিতে পড়েন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, "দীর্ঘ প্রচেষ্টার পর আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। সন্ধ্যার আগেই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এছাড়া বিদ্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়া শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার করে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।"

তবে সংঘর্ষে হতাহতের বিষয়ে ওসি বলেন, "সংঘর্ষের সময় বা পরে আমরা কোনো আহতের খবর পাইনি। আমাদের কাছে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নেই।" বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশি টহল জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...