Logo Logo

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ)

ভোট টানতে সৈয়দপুরে উর্দু ভাষায় ব্যতিক্রমী প্রচারণা


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে প্রচার-প্রচারণায় যোগ হয়েছে এক ভিন্নমাত্রার কৌশল। এই আসনের প্রধান বাণিজ্যিক শহর সৈয়দপুরের রাজপথ থেকে শুরু করে আবাসিক এলাকা ও ক্যাম্পগুলোতে এখন বাংলার পাশাপাশি উর্দু ভাষায় মাইকিং করে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছেন প্রার্থীরা।


বিজ্ঞাপন


শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাণিজ্যিক কেন্দ্রে দেখা যাচ্ছে, প্রার্থীর নাম, প্রতীক ও নির্বাচনী প্রতিশ্রুতি উর্দু ভাষায় মাইকিং করে প্রচার করা হচ্ছে। শুধু তাই নয়, প্রচারণায় বাড়তি আকর্ষণ যোগ করতে উর্দু ভাষায় বিশেষ গান ও গজলও পরিবেশন করা হচ্ছে, যা স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল ও আলোচনার জন্ম দিয়েছে।

সৈয়দপুরের স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও ভোটারদের মতে, এই শহরে উল্লেখযোগ্য সংখ্যক উর্দুভাষী (বিহারি) জনগোষ্ঠীর বসবাস রয়েছে। বড় একটি ভোট ব্যাংক হওয়ায় এই ভোটারদের কাছে সরাসরি ও সহজভাবে প্রার্থীদের নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এমন কৌশল নেওয়া হয়েছে। উর্দু ভাষায় প্রচারণা হওয়ায় এই জনগোষ্ঠীর ভোটাররা সহজেই প্রার্থীদের পরিচয়, তাদের প্রতীক এবং ভবিষ্যতের প্রতিশ্রুতিগুলো নিজ ভাষায় বুঝতে পারছেন।

এ বিষয়ে উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজেদ ইকবাল বলেন, “আমরাও এই দেশের পূর্ণ নাগরিক। আমাদের জাতীয় পরিচয়পত্র আছে এবং আমরা নিয়মিত ভোটাধিকার প্রয়োগ করি। কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি অধিকাংশ সময় কাগজেই সীমাবদ্ধ থাকে। শিক্ষা, স্বাস্থ্য ও উন্নত বাসস্থানের মতো মৌলিক নাগরিক সুবিধাগুলোতে ক্যাম্পবাসীরা এখনও অনেক পিছিয়ে আছে।” তিনি আশা প্রকাশ করেন, এবার প্রার্থীরা নিজ ভাষায় তাদের দ্বারে আসায় তারা তাদের দুঃখ-দুর্দশাগুলো আরও স্পষ্টভাবে তুলে ধরার সুযোগ পাবেন।

সৈয়দপুরে উর্দু ভাষায় এই নির্বাচনী মাইকিং একদিকে যেমন উর্দুভাষী ভোটারদের উৎসাহিত করছে, অন্যদিকে ভাষা ও জাতীয় পরিচয়ের প্রেক্ষাপটে স্থানীয় পর্যায়ে তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনা। তবে প্রার্থীদের দাবি, এটি নিছকই একটি নির্বাচনী কৌশল, যার মাধ্যমে প্রতিটি ভোটারের দোরগোড়ায় পৌঁছানো সহজ হচ্ছে।

ভাষার বৈচিত্র্যকে ব্যবহার করে ভোটারদের মন জয় করার এই ব্যতিক্রমী প্রচেষ্টা এখন নীলফামারী-৪ আসনের নির্বাচনী আমেজে যোগ করেছে এক নতুন মাত্রা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...