Logo Logo

নোয়াখালীতে ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে আরিফ হোসেন (২০) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার নিহতের পিতা সিরাজ মিয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

এর আগে, গত শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের রুগুরামপুর গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন জিরতলী ইউনিয়নের কুতুবপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার এলাকায় বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। আরিফ সেই বিরোধ মীমাংসার চেষ্টা করলে তাকে ওইদিন সন্ধ্যায় স্থানীয় একটি দোকানে মারধর করা হয়। এরই ধারাবাহিকতায় পরদিন শুক্রবার সন্ধ্যায় রুগুরামপুর গ্রামে তার ওপর পুনরায় হামলা চালানো হয়। হামলাকারীরা আরিফের বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হামলায় আরিফের দুই চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমর (২২) গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের বড় ভাই আকিল হোসেন অভিযোগ করেন, ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে প্রাহিম (২১) ও সাইফুলসহ একদল যুবক এই হামলা চালিয়েছে। তিনি আরও দাবি করেন, হত্যাকাণ্ডের পরও হামলাকারীরা থেমে নেই। তারা বর্তমানে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে নিহতের সৌদি আরব প্রবাসী চাচাতো ভাই শেখ সম্রাট হোসেন সজীবকে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান জানান, মামলার এজাহারভুক্ত ৩ জন আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...