Logo Logo

শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই : মেজর হাফিজ


Splash Image

ভোলা-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই মিলে একটি সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।


বিজ্ঞাপন


তিনি প্রতিবেশী দেশে মুসলমানদের ওপর অত্যাচারের উদাহরণ টেনে বলেন, বাংলাদেশ সেই পথ অনুসরণ করবে না, বরং এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ স্মরণ করিয়ে দেন যে, যৌবনে দেশ স্বাধীন করার লক্ষ্যে যুদ্ধ করেছিলেন এবং জীবন বাজি রেখেছিলেন একটি সুন্দর ও গণতান্ত্রিক দেশ দেখার স্বপ্নে।

ধর্মীয় রাজনীতির বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, কেবল নামের শেষে ইসলাম থাকলেই কোনো দল প্রকৃত ইসলামী দল হয়ে যায় না। তিনি উল্লেখ করেন, বিএনপির সাথেও জমিয়তে ওলামায়ে ইসলামের মতো দল জোটবদ্ধ আছে।

তিনি বলেন, “আমরা বিএনপি করি, আমরাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি। আমি নিজেও দুইবার হজ করেছি।”

মেজর হাফিজ ভোটারদের সতর্ক করে বলেন, নির্দিষ্ট কোনো প্রতীকে ভোট দিলেই বেহেশতে যাওয়া যাবে—এমন ধারণা সঠিক নয়। ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভ পালন করলেই কেবল বেহেশত লাভ সম্ভব।

তিনি এক বিশেষ প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের প্রতিটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা প্রদান করা হবে।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহরুখ হাফিজ ডিকো, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল এবং জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এই জনসভায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...