Logo Logo

গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই


Splash Image

ছবি সংগৃহীত

গোপালগঞ্জে সুফিয়ান চৌধুরী (২০) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালককে হত্যার পর তার ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ মোমেনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সুফিয়ান চৌধুরী পার্শ্ববর্তী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সিংগাতী গ্রামের শুকুর চৌধুরীর ছেলে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামে পরিবারের সদস্যদের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে সুফিয়ান ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হন। কিন্তু রাতে আর বাসায় ফেরেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে স্থানীয়রা রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে সুফিয়ানের মরদেহ শনাক্ত করেন।

নিহতের বড় ভাই বুলবুল চৌধুরী বলেন, “সকালে আমার ভাই ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হয়। কিন্তু রাতে বাসায় না ফেরায় আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। পরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে ভাইয়ের মরদেহ শনাক্ত করি।”

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফতাব জিলানী বলেন, “রাতে ওই যুবককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...