Logo Logo

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর ভাইয়ের হাসপাতালে হামলার অভিযোগ, এলাকায় উত্তেজনা


Splash Image

ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনের নির্বাচনী পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচনী মাঠ থেকে সরে যেতে চাপ সৃষ্টির উদ্দেশ্যে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. মুজাহিদ বেগের (ফুটবল প্রতীক) ভাইয়ের মালিকানাধীন একটি হাসপাতালে হামলার অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত ডা. মহসিন বেগের মালিকানাধীন ‘আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতালে’ এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল হাসপাতালের ভেতরে প্রবেশ করে। তারা প্রায় ৬ থেকে ৭ মিনিট ধরে চিৎকার-চেঁচামেচি, অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় হাসপাতালের নার্স, চিকিৎসাকর্মী ও অন্যান্য কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় ডা. মহসিন বেগ ভবনের চতুর্থ তলায় অবস্থান করায় তিনি সরাসরি শারীরিক হামলার শিকার হননি।

ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে ডা. মহসিন বেগ বলেন,

“দুই যুগেরও বেশি সময় ধরে আমি সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসছি। একটি সেবামূলক প্রতিষ্ঠানে এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও হীন মানসিকতার পরিচয়। আমার ভাই মুজাহিদ বেগ ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন। তাকে নির্বাচন থেকে সরিয়ে দিতেই প্রতিপক্ষরা এই কাপুরুষোচিত হামলা চালিয়েছে।”

তিনি জানান, এ ঘটনায় তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তা পর্যালোচনা করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...