বিজ্ঞাপন
পোল্যান্ডের এয়ার নেভিগেশন সার্ভিসেস এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছে, সামরিক বিমান চলাচল নির্বিঘ্ন করতে এবং আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতে রজেশোভ (Rzeszow) ও লুবলিন (Lublin) বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। মূলত পোলিশ ও ন্যাটোর সামরিক বিমানগুলোকে অবাধে পরিচালনার সুযোগ দিতেই এই পদক্ষেপ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বন্ধ হওয়া বিমানবন্দর দুটি ইউক্রেন সীমান্তের অত্যন্ত কাছাকাছি অবস্থিত। এর মধ্যে রজেশোভ বিমানবন্দরটি ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর অস্ত্র ও রসদ সরবরাহের জন্য ন্যাটোর প্রধান লজিস্টিক হাব হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। রুশ হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পোল্যান্ডের আকাশসীমায় মিত্র দেশগুলোর সামরিক বিমান মোতায়েন ও টহল শুরু হয়েছে।
পোলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড জানিয়েছে, ইউক্রেন সীমান্ত সংলগ্ন এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তারা বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে এই এলাকায় ন্যাটোর বেশ কিছু অত্যাধুনিক নজরদারি ও যুদ্ধবিমান সক্রিয় রয়েছে।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত সামরিক কার্যক্রমের কারণে বিমানবন্দর দুটিতে সাধারণের প্রবেশাধিকার বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, গত মাসেও একই কারণে বিমানবন্দর দুটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে সে সময় পোলিশ কর্তৃপক্ষ সেটিকে নিয়মিত মহড়া হিসেবে বর্ণনা করলেও, এবারের পদক্ষেপটি সরাসরি ইউক্রেনে রুশ হামলার প্রভাব মোকাবিলায় গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে বিমানবন্দর দুটি পুনরায় খুলে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...