Logo Logo

ইরান থেকে নয়, ভেনেজুয়েলার তেল কিনবে ভারত : ডোনাল্ড ট্রাম্প


Splash Image

ফাইল ছবি।

রাশিয়া থেকে তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে ভারতের জন্য ভেনেজুয়েলার তেলের বাজার উন্মুক্ত করার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (৩১ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরান বা রাশিয়া নয়, বরং ভেনেজুয়েলা থেকেই তেল কিনবে ভারত। খবর রয়টার্সের।


বিজ্ঞাপন


ওয়াশিংটন ডিসি থেকে ফ্লোরিডা যাওয়ার পথে প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ারফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিমধ্যেই একটি চুক্তি হয়েছে—অন্তত চুক্তির ধারণাগত কাঠামোতে আমরা একমত হয়েছি।”

বিশ্লেষকদের মতে, ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক টানাপোড়েন নিরসনে ভেনেজুয়েলার তেল একটি বড় অনুঘটক হিসেবে কাজ করতে পারে।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা রুশ তেল কম দামে কেনায় ভারতের ওপর ক্ষুব্ধ ছিল ওয়াশিংটন। এর জেরে ২০২৫ সালের মার্চ মাসে ভারতসহ বেশ কয়েকটি দেশের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এর আগে অন্য ইস্যুতে আরও ২৫ শতাংশ শুল্ক থাকায় সব মিলিয়ে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্কের বোঝা চেপেছিল। তবে ভেনেজুয়েলা থেকে তেল কেনার চুক্তির মাধ্যমে এই পরিস্থিতি পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।

চলতি বছরের ৩ জানুয়ারি ভেনেজুয়েলার মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত ও তাকে আটক করার পর দেশটির তেল খাতের ওপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র চাচ্ছে ভারত যেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে, যাতে মস্কো তেল বিক্রির অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যবহার করতে না পারে। ভারতের জন্য ভেনেজুয়েলার বিকল্প তৈরি করে মূলত রাশিয়ার রাজস্ব কমানোই ওয়াশিংটনের মূল লক্ষ্য।

ভেনেজুয়েলার তেল কীভাবে ভারতের বাজারে পৌঁছাবে, তা নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে। আন্তর্জাতিক ট্রেডিং হাউস ‘ভিটল’ বা ‘ট্রাফিগুরার’ মাধ্যমে নাকি সরাসরি রাষ্ট্রায়ত্ত কোম্পানি ‘পিডিভিএসএ’-এর মাধ্যমে তেল বিক্রি হবে, তা নিশ্চিত নয়। এ বিষয়ে হোয়াইট হাউস, মার্কিন ট্রেজারি বিভাগ এবং ভারতের জ্বালানি ও পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের ইমেইলের কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি।

তবে ভারতের জ্বালানিমন্ত্রী হরদীপ সিং পুরি সম্প্রতি জানিয়েছেন, নানা কারণে রাশিয়া থেকে তেল আমদানি কমে যাওয়ায় ভারত এখন বিকল্প উৎসের ওপর বেশি জোর দিচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...