বিজ্ঞাপন
ভারতে আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সম্মেলনে অংশ নিতে দেশটিতে আসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার সফরের আগেই রাফাল ক্রয়সংক্রান্ত সব দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার।
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এ বিষয়ে আগামী সপ্তাহে গুরুত্বপূর্ণ বৈঠক করবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সমরাস্ত্র ক্রয় বিষয়ক সংস্থা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএকে)। বৈঠকে চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
সূত্র আরও জানায়, ১১৪টি রাফালের মধ্যে ১৮টি বিমান ফ্লাইং কন্ডিশনে প্রস্তুত অবস্থায় ফ্রান্স থেকে সরবরাহ করা হবে। বাকি ৯৬টি বিমান ভারতেই তৈরি হবে এবং সেগুলোতে ভারতীয় প্রযুক্তিরও ব্যবহার থাকবে।
নতুন ক্রয়াদেশের আওতায় থাকা বিমানগুলোর মধ্যে ৮৮টি হবে এক আসনবিশিষ্ট, যেখানে একজন পাইলট দায়িত্ব পালন করবেন। বাকি ২৬টি হবে দুই আসনবিশিষ্ট, যা প্রশিক্ষণ ও বিশেষ অপারেশনের জন্য ব্যবহৃত হবে।
বিশ্বের আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমানগুলোর মধ্যে রাফাল অন্যতম। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান ঘণ্টায় সর্বোচ্চ ৩ হাজার ৭০০ কিলোমিটার গতিতে উড়তে পারে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম। এটি একই সঙ্গে বিভিন্ন পাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র ও ভারী মেশিনগান বহন এবং পরিচালনা করতে পারে।
এর আগে ২০২০ সালের জুলাই থেকে পর্যায়ক্রমে ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান সংগ্রহ করেছে ভারত। এর মধ্যে ৮টি ছিল দুই আসনবিশিষ্ট প্রশিক্ষণ বিমান।
ফ্রান্স থেকে কেনা রাফালগুলোর কার্যকারিতা যাচাই-বাছাই করে সন্তোষ প্রকাশ করেন ভারতের সমরাস্ত্র বিশেষজ্ঞরা। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন ‘নিরাপত্তা বিষয়ক মন্ত্রিগোষ্ঠী’ (সিসিএস) আরও রাফাল কেনা এবং যৌথ উদ্যোগে উৎপাদনের বিষয়ে নীতিগত অনুমোদন দেয়। সেই ধারাবাহিকতায় ভারতীয় বিমানবাহিনীর জন্য ১১৪টি রাফাল মাল্টিরোল এয়ারক্র্যাফট সংগ্রহের পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে ভারত সরকার।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...